
বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতাবলম্বীদের ওপর যে বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছিল, তারই অন্যতম এক ভুক্তভোগী রংপুরের বামপন্থী রাজনৈতিক কর্মী আরিফুল ইসলাম আপেল। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের শিকার হয়ে তাকে পার করতে হয়েছে জীবনের এক দীর্ঘ কালো অধ্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিফুল ইসলাম আপেল তার ওপর নেমে আসা রাষ্ট্রীয় নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, আমি শুরু থেকেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার ও সমালোচনামুখর থাকার কারণে আমাকে বারবার টার্গেট করা হয়। রাজনৈতিক প্রতিহিংসামূলক একাধিক মিথ্যা মামলা ও বর্বরোচিত নির্যাতনের শিকার হতে হয়েছে আমাকে।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, রংপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংগঠিত হলেই পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করত। দীর্ঘ ১৭ বছর আমার জীবনে এক ভয়াবহ অন্ধকার সময় ছিল।
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এখন আমি শান্তিতে বসবাস করতে চাই এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর যেন কোনো মিথ্যা মামলার ভয়ে আমাকে বা এ দেশের কোনো নাগরিককে দিন কাটাতে না হয়। বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক দমন-পীড়নের ভয়াবহ চিত্র উঠে এসেছে খোদ সরকারের পরিসংখ্যানেই। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল (সাবেক আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান-এর সূত্র উল্লেখ করে) জানিয়েছিলেন, গত ১৭ বছরে দেশের ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, এসব মামলার ৯৯ শতাংশেরই বাদী ছিল তৎকালীন পুলিশ বাহিনী।
রংপুরের সামগ্রিক উন্নয়ন নিয়ে আরিফুল ইসলাম আপেল বলেন, “আমাদের রংপুরের মানুষ বরাবরই চরম বৈষম্যের শিকার হয়েছিল। তবে স্বৈরাচার পতনের পর এবার বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং রংপুর সিটি কর্পোরেশনকে ইতিহাসের সর্বোচ্চ ১৮০০ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়ায় দেশনায়ক তারেক রহমানকে রংপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আরিফুল ইসলাম আপেল আরও বলেন, আমরা দেখেছি স্বৈরাচার সরকার বিরোধী মতের রাজনৈতিক দলগুলোর কর্মীদের ওপর কীরূপ দমন-পীড়ন চালিয়েছে। আমি নিজেও বর্বরোচিত নিপীড়নের শিকার হয়েছি।
উল্লেখ্য, আওয়ামী দুঃশাসন ও স্বৈরাচারী আমলে ইতিহাসের সবচেয়ে বড় ও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোসহ কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের সাধারণ ওয়ার্ড কর্মী পর্যন্ত কেউ এই প্রতিহিংসা থেকে রেহাই পাননি। শুধুমাত্র দলীয় আদর্শ ধরে রাখার কারণে হাজার হাজার নেতাকর্মীকে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে, ধ্বংস করা হয়েছে তাদের ব্যবসা-বাণিজ্য, কেড়ে নেওয়া হয়েছে চাকরি। দল ত্যাগ করলে বিপুল অর্থ ও সুন্দর জীবনের প্রলোভন থাকা সত্ত্বেও, নেতাকর্মীরা ক্ষেতে-খামারে খেয়ে না খেয়ে রাত্রিযাপন করেছেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য ও আদর্শ থেকে বিচ্যুত হননি। স্বৈরাচারী সরকার দেড় দশকে বহুবার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করলেও নেতাকর্মীদের এই ইস্পাতকঠিন ঐক্য ও ত্যাগের কারণে তা বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ৫ই আগস্টের বিজয়ের মাধ্যমে দেশের মানুষ আজ স্বৈরাচারমুক্ত স্বাধীন বাতাসে নিঃশ্বাস ফেলছে।

















