
উচ্চ বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী ও কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের বয়স ১৫ বছর। ব্যাটালিয়ন জানিয়েছে, তাদের কাছে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছিল না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা শাহ আলম। তিনি জানান, নারীদের নিখোঁজের ঘটনায় গত ১৮ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির সূত্র ধরে গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় যমযম টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ভাটারা থানার এল ব্লকের ৫৬ নম্বর রোডের ২৯৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে উদ্ধার করা হয়।
এসআরবি-১-এর এই কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া নারী ও কিশোরীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের চট্টগ্রাম থেকে আনা হয়েছিল। পরে বিদেশে পাচারের উদ্দেশ্যে বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই জোর করে বাসাটিতে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলেও জানানো হয়েছে।
এসআরবি-১ জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষে উদ্ধার হওয়া নারী ও কিশোরীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।










