
রংপুর প্রতিনিধি: বিদ্যুৎের প্রিপেইড মিটারের কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপনের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংসদ সদস্যের নিকট এ স্মারকলিপি পেশ করেন রংপুর মহানগর নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের বিভিন্ন সমস্যার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয় এবং জনস্বার্থে এ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ শেষে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মহান জাতীয় সংসদে প্রিপেইড মিটার-সংক্রান্ত জনদুর্ভোগের বিষয়টি উত্থাপন এবং এ বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় রংপুর মহানগর নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















