
বিএনপির ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কোতয়ালী থানা যুবদলের আহ্বায়ক মো. ওয়াহিদ মুরাদ।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া ওই খোলা চিঠিতে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে দলের অনেক নেতাকর্মী তাদের শিক্ষা, ব্যবসা কিংবা নিজ নিজ পেশাগত কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে যুক্ত থাকতে পারেননি। ফলে তাদের একটি অংশ বর্তমানে কর্মহীনতা ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে তিনি দাবি করেন।
চিঠিতে মো. ওয়াহিদ মুরাদ বলেন, ত্যাগী নেতাকর্মীদের জন্য কেবল আর্থিক সহায়তা নয়, বরং তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এতে তারা নিজেদের এবং পরিবারের ব্যয়ভার বহনের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন।
এ জন্য তিনি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দলের ত্যাগী, দক্ষ ও শিক্ষিত কর্মীদের যোগ্যতা অনুযায়ী তালিকা তৈরি করা, আগ্রহী কর্মীদের ক্ষুদ্র ব্যবসা ও আত্মকর্মসংস্থানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের মর্যাদা ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া।
খোলা চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক মামলা, হামলা ও বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক নেতাকর্মীর স্বাভাবিক পেশাগত জীবন ব্যাহত হয়েছে। বর্তমানে আয়-রোজগারের সুযোগ না থাকায় তাদের কেউ কেউ পরিবার ও আর্থিক চাপের মধ্যে রয়েছেন বলেও তিনি দাবি করেন।
মো. ওয়াহিদ মুরাদের ভাষ্য, “ত্যাগী কর্মীরা দুস্থ নন, তারা কর্মহীন। তাদের করুণা নয়; যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ প্রয়োজন।”
তিনি মনে করেন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের পরিবারকেও সহযোগিতা করতে পারবেন।
খোলা চিঠিতে রংপুরের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার কর্মহীন ও ত্যাগী নেতাকর্মীদের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলীয় নেতৃত্বের কাছে এ বিষয়ে একটি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
চিঠির শেষে মো. ওয়াহিদ মুরাদ নিজেকে ত্যাগী ও সাধারণ নেতাকর্মীদের পক্ষের একজন কর্মী হিসেবে উল্লেখ করে তাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
মো. ওয়াহিদ মুরাদ
যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর যুবদল
আহ্বায়ক, কোতয়ালী থানা যুবদল, রংপুর














