
মক্কা, ৩০ মে: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, চলতি বছরের হজ ব্যবস্থাপনায় হাজিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। তিনি জানান, মন্ত্রী হিসেবে নয়, বরং হাজিদের একজন ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
শুক্রবার রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় আয়োজিত হজ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাকে হাজিদের খাদেম হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।”
তিনি জানান, মহান আল্লাহর অশেষ রহমতে এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হজ এজেন্সির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
কায়কোবাদ বলেন, হজের পুরো সময়জুড়ে হাজিদের আবাসন, চিকিৎসাসেবা, যাতায়াত এবং অন্যান্য সমস্যার বিষয়ে নিয়মিত নজরদারি করা হয়েছে। বাংলাদেশি হাজিরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন।
সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, “এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে। এজন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশি হাজিদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষ একযোগে কাজ করবে।















