
রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা
রংপুরের গর্ব ও নগরীর মুলাটোল এলাকার কৃতী সন্তান উদীয়মান নারী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলে জায়গা করে নেওয়া এবং জাতীয় নারী ক্রিকেট দলে খেলার সুযোগ অর্জন করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রংপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল আমতলা মোড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুলাটোলবাসীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ সরকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফারজানা ইয়াছমিন মেধার এ অর্জন শুধু মুলাটোল এলাকার নয়, বরং পুরো রংপুরবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তার মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও খেলাধুলার প্রতি অদম্য আগ্রহ তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, প্রতিভাবান এ ক্রিকেটারের স্বপ্নপূরণে পরিবার, এলাকাবাসী ও ক্রীড়াঙ্গনের সবাইকে সম্মিলিতভাবে পাশে দাঁড়াতে হবে। তার ভবিষ্যৎ পথচলায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তারা।
নিজ এলাকার মেয়ের এমন অসামান্য সাফল্যে মুলাটোলসহ পুরো রংপুর নগরীতে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, ফারজানা ইয়াছমিন মেধা আগামী দিনে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।

বেলায়েত হোসেন বাবু 












