

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা কম দেওয়া নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন।
ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, আলমগীর ও খোরশেদ একটি বিদ্যুৎ মিটার ব্যবহার করে যৌথভাবে বিল পরিশোধ করতেন। চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দেন—এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
অভিযোগ রয়েছে, পরে আলমগীর স্থানীয় একটি চায়ের দোকানে গেলে সেখানে খোরশেদসহ কয়েকজন তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যাওয়া হয়। পরে স্বজনরা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।











