
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় জেলা যুবদলের উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. মাহফুজ নবী ডন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ, জেলা যুবদলের সহসভাপতি রাকিব হোসেন এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ জেলা ও মহানগর যুবদলের নেতারা।
এদিকে, দুপুর দেড়টায় মহানগর যুবদলের উদ্যোগে একই স্থান থেকে জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ঘোড়ার গাড়িসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।
পরে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. মাহফুজ নবী ডন।
সমাবেশে আরও বক্তব্য দেন ড্যাবের সাবেক সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক ওহায়েদ মুরাদ, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে রংপুর জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।














