
রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের পৈতৃক বাড়ি, কবরস্থান ও স্মৃতি সংরক্ষণে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সকালে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদ গণঅভ্যুত্থানের একজন বীর। তার আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি জানান, এক কোটি টাকার এই অর্থে শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ, তার বাবা-মায়ের ঘর নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে। জেলা প্রশাসনের মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। এজন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে। আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও এটি অনুপ্রেরণার উৎস।
এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে বলেন, এসব কর্মসূচির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। রংপুরে লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চ করে তেল-গ্যাসসহ কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়।
বিরোধী দলের এমপিরা নিজ নিজ নির্বাচনি এলাকায় কর্মী দিয়ে সারের সংকট সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










