
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। শহরের প্রধান সড়ক, আইল্যান্ড ও গুরুত্বপূর্ণ ভবনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে। পাশাপাশি নাগরিক সংবর্ধনার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সকাল ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর তিনি জেলা সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরে শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি। এরপর কালীবাড়িতে নিজ বাসভবনে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানেই তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গিয়ে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

















