সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক প্রতিদিনের বার্তা’র প্রতিনিধি আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, রংপুর শাখার প্রধান সমন্বয়ক মোঃ বেলায়েত হোসেন বাবু।
তিনি বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক আব্দুল বারী দুলালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদে
মোঃ বেলায়েত হোসেন বাবু
প্রধান সমন্বয়ক
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, রংপুর শাখা