সরকারি ঘোষণা অনুযায়ী এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য থাকলেও যশোরের বিভিন্ন এলাকায় তা মানা হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ক্রেতাদের অভিযোগ, দোকানভেদে দাম ভিন্ন হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে বিক্রেতারা অজুহাত দিচ্ছেন পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কথা বলে। তবে ভোক্তাদের দাবি, এটি মূলত একটি সিন্ডিকেটের কারসাজি, যার ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত দামে গ্যাস কিনছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, বাজার তদারকি জোরদার না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।