শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে রংপুর নগরীসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণে সৈয়দপুর থেকে রংপুর মহানগর পর্যন্ত সাজসাজ অবস্থা। রাতদিন চলছে প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রশাসন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করবেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। প্রধানমন্ত্রীকে বরণ করতে চলছে নানা ধরনের প্রস্তুতি। বিশেষ করে, সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দের পর রংপুরে প্রধানমন্ত্রীর এই আগমন আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে।
প্রধানমন্ত্রীকে বরণে বদলে গেছে রংপুর
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে সাজসাজ অবস্থা বিরাজ করছে। সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক ও রোড ডিভাইডারগুলো ধুয়ে-মুছে রং করা হয়েছে। ডিভাইডারে লাগানো হচ্ছে ছোট ছোট ফুলের গাছ। ইতোমধ্যে নগরীর প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করে পরিষ্কার করা হয়েছে। নগরীর বিলবোর্ডে শোভা পাচ্ছে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো বিশাল বিশাল ব্যানার।
প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতে সংস্কারকাজ চলছে। বিশেষ করে নগরীর ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত চলমান সংস্কারকাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। এসব কাজের তদারকি করছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।