গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর মহানগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ওই দিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা জজ আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুণ, মাহবুব আলম ও সানজিদা আক্তারসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার পরিবর্তে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও নেসকো কর্তৃপক্ষ জোরপূর্বক নগরীর বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে।
তিনি দাবি করেন, প্রিপেইড মিটারের কারণে গ্রাহকদের আগের ডিজিটাল মিটারের তুলনায় বর্তমানে দুই থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বিগত সরকারের আমলের ৩১টি প্রকল্প বাতিল করা হলেও দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকা প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করা হয়নি।
পলাশ কান্তি নাগ আরও বলেন, বিগত সরকারের আমলে প্রিপেইড মিটার প্রকল্পের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে তারা মনে করেন। বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণের ওপর চাপিয়ে দিয়ে আধুনিক প্রযুক্তির নামে গ্রাহকদের শোষণ করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুৎ ব্যবহার কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে নাগরিক কমিটি। তবে বিদ্যুৎ বিভাগ ও সরকার তাদের দাবিতে কর্ণপাত না করে কার্যক্রম অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে ঘোষিত চার দফা দাবি হলো—গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল, আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা।
এ সময় নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বরের অর্ধদিবস হরতাল কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।