রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক দ্রুত পুনঃনির্মাণের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। শনিবার সকাল ১১টায় জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য মাহফুজার রহমান, মেহেদী হাসান তরুণ, আমিন মোস্তাজীর, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পার্থ বোস, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জাহাজকোম্পানী শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহে আলম রিপন, ব্যবসায়ী আশরাফুজ্জামান রাজু ও আবেদ হোসেনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, জাহাজকোম্পানী-সাতমাথা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এবং চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করছেন। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
তারা বলেন, প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটলেও রংপুর সিটি কর্পোরেশন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। বরাদ্দ থাকার কথা শোনা গেলেও অদৃশ্য কারণে পুনঃনির্মাণ কাজ শুরু না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।
বক্তারা অবিলম্বে সড়ক পুনঃনির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় সিটি কর্পোরেশন ঘেরাও, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।